শিক্ষক নাকি প্র্যাকটিশনার… এ ভারী অদ্ভুত দোলাচল।


আজকাল না নিজের অবস্থানটা নিয়ে ভয়ঙ্কর ধন্দে আছি। পেশাগত ভাবে ঠিক কোথায় যে দাঁড়িয়ে আছি, আজকাল ঠিক বুঝে উঠতে পারছি না।

তবে তার আগে নিজের ঢোলটা একটু বাজিয়ে নিই... অ্যাকাডেমিয়ায় আসার আগে প্রায় এক দশকেরও বেশি সময় কাটিয়েছি প্রফেশনাল ডিজাইন আর মিডিয়ার জগতে। বেশ কিছু ন্যাশেলন এবং ইন্টারন্যাশেনাল ক্যাম্পেন, বেশ কিছু এমন প্রজেক্ট করেছি, যেগুলো নিয়ে একটু হলেও ঘ্যাম নেওয়া যায়, কিন্তু তার থেকেও বড় কথা হলো ইন্ডাস্ট্রির সেরার সেরা মাথাদের থেকে কাজ শিখেছি, তাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, ভুল করেছি, ঠিক ও করেছি, বিয়ের দিন ক্লান্ট মিটিং এ গেছি, এমনকি কখনও কখনও অলমোস্ট ডেড হয়ে গিয়েও ডেডলাইন সামলেছি। কঠিন ক্লায়েন্ট, সহজ ক্লায়েন্ট, খ্যাপা ক্লায়েন্ট, হর্ষবর্ধন ক্লায়েন্ট…খারাপ ব্রিফ, ভালো ব্রিফ, শশি থারুর মার্কা জটিল ব্রিফ… বাজারে সত্যি সত্যি কাজ করতে গেলে যা যা পেরিয়ে আসতে হয়, সেই সব আগুনেই হাত রেখেছি।

তারপর কোভিড এলো, মা কে, দাদাভাই কে নিয়ে চলে গেল... জীবন সম্পর্কে, কাজ সম্পর্কে, লক্ষ্য সম্পর্কে, মোক্ষ সম্পর্কে…যা যা ধারণা ছিল, সবগুলোকেই দুমড়ে মুচড়ে ডি এবং রি কনস্ট্রাক্ট করে দিল, কেরিয়ারের গতিতে একটা সেমিকোলন দিতে আজ থেকে ঠিক চারবছর আগে মনে হলো... কাজ তো চলতেই থাকবে... একবার (ছোটবেলার সপ্ন) মাস্টারী করে দেখা যাক বরং!

আর তাই বছর খানেক আগে যখন ফাইনালি ‘ফুল টাইম’ পড়াতে এলাম মনের মধ্যে মোটামুটি একটাই সরলৈখিক ভাবনা ছিলো যে, এতদিন কাজ করতে গিয়ে যা যা শিখেছি, তার কিছুটাও যদি ক্লাসরুমে তুলে নিয়ে আসা যায়, নিজে ছাত্র থাকাকালীন ঠিক যেমন একজন শিক্ষককে পেলে ভালো হত, অন্তত তেমনও যদি খানিকটা হয়ে ওঠা যায়… খারাপ কি!

শুরুর বেশ কিছুদিন এই ভাবনাটাই মনকে ইন্ধন জুগিয়ে অ্যাকাডেমিয়াতে নিজের একটা অবস্থান দিয়েছিল। কেন করছি, তার মোটামুটি একটা স্পষ্ট উত্তর ছিল তখনও। 

কিন্তু ইদানীং সেই উত্তরটা কেমন জানি ঘোলাটে হয়ে যাচ্ছে...

ডিজাইন, মিডিয়া বা সিনেমা পড়ানোটা কিন্তু বেশ অদ্ভুত (কেমিস্ট্রি বা বায়োলজির মতো না)। তাই এখানে এখনও একটা ধারণা দিব্যি টিকে আছে যে, “প্র্যাকটিসে সত্যিই ভালো করলে মোটেই মালটাকে পড়াতে আসতে হতো না”। বা একমাত্র যেন কাজের দুনিয়ার দৌড়ঝাঁপ (বা পসার) শেষ হলেই শুধু প্র্যাকটিশনাররা অ্যাকাডেমিয়ায় এসে ‘সেটল’ করে।

কিন্তু কেন জানি না এই ব্যাপারটা আমি ঠিক কোনওদিনই মনথেকে মেনে নিতে পারিনি।

ভালো কাজ করলেই যে ভালো পড়াতে পারব, তারও যেমন কোনও গ্যারান্টি নেই। তেমনি আবার ভালো শিক্ষক হতে গেলে আগে ব্যর্থ প্র্যাকটিশনার হতেই হবে এরকম মাথার দিব্বিও কেউ দেয়নি। পড়ানোটা আসলে আলাদা একটা ক্রাফট। বছরের পর বছর কাজ করতে করতে তৈরি হওয়া প্রজ্ঞা, বাস্তবের ভুল গুলো থেকে শেখার অভিজ্ঞতা… এগুলোকেই এমনভাবে নিজের পড়ানোতে ঢুকিয়ে দেওয়া উচিত যাতে, যে ছাত্র বা ছাত্রীটি এখনও সেই পথ দিয়ে হাঁটেনি সে অন্তত আসন্ন আইসবার্গটার একটা আঁচ যেন পায়। আর এই কাজটা ভালোভাবে করতে পারলেই, পড়ানোর অর্ধেক মোক্ষটি লাভ হয়ে যায়...

কিছু এটাও সত্যি যে আজকের ক্লাসরুমটাও খুব দ্রুত বদলাচ্ছে। আজকাল ছাত্রছাত্রীদের মনোযোগ ধরে রাখাটা যেন ক্রমশ চ্যালেঞ্জিং হয়ে উঠছে। সামনাসামনি চোখে চোখ রেখে পড়ানোর সঙ্গে পাল্লা দিচ্ছে সহজলভ্য লিকুইড ক্ক্রিস্টাল স্ক্রিন। বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যেন ছাত্র - শিক্ষকের সম্পর্কটা যেন আরও বেশি লেনদেনের হয়ে উঠেছে। এমনকি কখনও কখনও সত্যি মনে হয় আজকাল mentorship too seems to be taken for granted...

কিন্তু এই ব্লগালাপটার উদ্দেশও রোয়াকের কাকুদের মতো ‘আজকালকার ছেলেমেয়েরা’ মার্কা অনন্ত অভিযোগের ফিরিস্তি খুলে বসা নয় (বা মনে হয়না আমার দ্বারা সেটা হবেও)... কিন্তু নিজেরই আবার বারবার মনে হচ্ছে কোথাও যেন একটা ফাঁক তো আছেই... হয়তো স্টুডেন্টদের কোনো একটা বক্তব্য আছে, যেটা আমি ধরতে পারছি না। বা হয়তো যে ক্লাসরুমের কথা ভেবে পড়াতে এসেছিলাম, সেটা পুরোটা ( এমনকি অর্ধেকও) মেলাতে পারছিনা। বা হয়তো এই মেশিন লার্নিং এ-আই এর বাজারে শিক্ষক হওয়ার আসল উদ্দেশ্য বা সংজ্ঞা টা ঠিক কি সেটা আমার কাছে স্পষ্ট নয়... ফলতই নিজের অবস্থানগত যে দোলাচলটা, প্রশ্ন হয়ে বারবারই মনে ফিরে ফিরে আসছে তা হলো … ‘এবার কি তবে আবার প্র্যাকটিসে ফেরার সময় এসে গেল?’

এটাই কি এযাত্রা “প্রফেসর” সৌরভ মুখার্জির কার্টেন কল?

জানি না ঠিক... তবে এই সার্কুলার প্রসেনিয়ামের ওপারের কথা ভাবলেই মনে পড়ে কত অসমাপ্ত প্রজেক্ট পরে আছে, কত আইডিয়া ‘পরে করব’ বলে সরিয়ে রেখেছি, কত উদ্যোগই ‘শুরু করব’ ভাবতে ভাবতেই বছর কেটে গেছে যা (এসি ঘরে বসে জ্ঞান না দিয়ে) নিজের ঘাম রক্ত দিয়ে তৈরি করতে চাই।

হয়তো এবার সেটারই পালা...

আর তার জন্য এখনও অনেক কিছু শিখতে হবে... হয়তো তাই কিছুদিনের জন্য হলেও অ্যাকাডেমিয়ার এই বাঁক থেকে পাড়ি দিয়ে দেখতে হবে ওকুলে কোন অ্যাডভেঞ্চার আমার জন্য অপেক্ষা করছে। মোদ্দা কথাটা তাই এক প্রিয় বন্ধুর থেকে ধার নিয়েই বলি:

It’s not game over. It’s just UNO Reverse.

Comments

  1. সৌরভদা, হঠাৎই তোমার ব্লগটা খুঁজে পেলাম। একটু ঘাঁটতে গিয়ে এই লেখাটা চোখে পড়ল, দ্রুত পড়ে ফেললাম।

    এই ক্রাইসিসটা আমিও প্রায় রোজ অনুভব করি - আমার তো একটা বেশীদিন করলে মনে হয় আরেকটা কেন করছি না! একমাস টানা শ্যুটিং করলে মনে হয়, অনেক হল, এবার বই নিয়ে বসি! আর দশদিন টানা পড়লে মনে হয় যাহ, ছবি বানানো হচ্ছে না।

    অনেককটা জিনিস তোমার সাথে রেসোনেট করতে পারলাম - নিজের ফিল্ম প্র্যাকটিস নিয়েও বেশ ঘেঁটে আছি অনেকদিন। এবারে ডিসেম্বরে তো কলকাতা আসছি, একদিন সময় করে বসতে হবে এই নিয়ে।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আজি হসন্ত জাগ্রত দ্বারে

যাদবপুর সম্পর্কে দু চারটি কথা যা আমি জানি...