আমার কালী পুজো
ঈশ্বরে বিশ্বাস করি কি না, সত্যি বলতে আজও জানি না। এমন কোনও উত্তর খুঁজে পাইনি যেটাকে বুকে হাত রেখে নিজের বলতে পারি… তাই খোঁজ চলছে, চলবেও হয়তো আরও অনেকদিন।
তবে কালী… কালী আমায় চিরকাল টেনেছে অন্যভাবে। বিশ্বাস-অবিশ্বাসের তর্কটা যদি একটু সাইড করে রাখি, কালী আমার কাছে বরাবরই raw, বেপরোয়া, কাউকে কৈফিয়ত না দেওয়া উপস্থিতি, এমন এক শক্তি, এমন এক aura, যে নিজেকে মিষ্টি-মধুর করে প্যাকেজ করে না, সহজপাচ্য হওয়ার কোনও দায় নেই তার। বরং আছে উগ্র হওয়ার স্বাধীনতা, অস্বস্তি জাগানোর স্বাধীনতা, পুরোপুরি নিজের মতো থাকার স্বাধীনতা… আমার বিস্ময়টা ওইখানেই। তাই মাঝে মাঝে ভাবি, কারও পারমিশন না নিয়ে, সমাজের তোয়াক্কা না করে নিজের অস্তিত্বের মধ্যে এমন ফুল ভলিউমে বেঁচে থাকতে ঠিক কতটা বুকের পাটা লাগে…
মা চলে যাওয়ার পর থেকে অবশ্য কালীর সাথে সম্পর্কটা কোথাও যেন একটু বদলেছে। কেন, জানি না। শুধু জানি, 'মা' শব্দটা আর আগের মতো হালকা নেই। একসময় যেটা ছিল নিছক অভ্যেসের ডাক, বাড়ি ঢুকেই গলা ছেড়ে দেওয়া, যার উত্তর আসবেই ধরে নিতাম… এখন সেই ডাকটা গলা পর্যন্ত এসে থমকে দাঁড়ায়, কারণ জানি ওপাশ থেকে আর সাড়া আসবে না। অথচ ডাকটা শালা যায়ও না কোথাও। থেকে যায় ভেতরে, অনেকক্ষণ… রামপ্রসাদী গানে হঠাৎ সেই ডাক শুনি, আর বুকের ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে। আশপাশের মানুষগুলোর মধ্যে মায়ের এক-আধটা ছায়া খুঁজে পাই, কারও হাসিতে, কারও বকুনিতে, কারও একটা নিছক 'খেয়েছিস?'-এ। আর কালীর মধ্যেও, কোথাও যেন, মাকেই মনে পড়ে যায়। কখনও কখনও 'মা' বলে ডেকে ফেলার পর নিজেই ঠিক বুঝে উঠতে পারি না, ডাকটা কার কাছে পৌঁছল… যিনি চলে গেছেন, নাকি যিনি চিরকাল থেকে যান। এখনই দুজনকে আলাদা করে ফেলার দরকারই বা কি । হয়তো একজনকে ডাকলে, অন্যজনও শুনতে পান।
তাই এবারের কালীপুজোয় ঠিক করলাম, এই অনুভূতিটার সঙ্গে কিছুটা সময় কাটলে মন্দ হয়না। গিয়ে দাঁড়ালাম একটা বড় ক্যানভাসের সামনে।
পরাবাস্তববাদীরা, মানে দালি-ব্রেতোঁ-মাসোঁর দল, একটা পদ্ধতির কথা বলতেন: অটোমেটিজম। মনের লাগামটা আলগা করে দাও, যাতে সচেতন বিচারবুদ্ধি নামক বেরসিক দারোয়ানটি মাঝখানে এসে পথ আটকাতে না পারে, অবচেতন নিজের রাস্তা নিজেই খুঁজে নেয়। এবার আমিও সেই রাস্তাতেই হাঁটব ঠিক করলাম।
পেনসিল নিলাম না, ইরেসার ও না। কোনও আউটলাইন নেই, যত্নে সাজানো লে-আউটও নেই… শুধু তুলিটাকে ছেড়ে দিলাম মনের মনের পিছে। প্রতিটা আঁচড় আমার সামনে কিছু একটা রেখে যাচ্ছিল, আর তার জবাব দিতে হচ্ছিল আমাকে। কিছু টান মনে হল ঠিকঠাক, আর কিছু টান ছবিটাকে টেনে নিয়ে গেল এমন দিকে, যেদিকে যাওয়ার কোনও প্ল্যানই ছিল না।
একসময় মনে হল, তুলিটাও যেন বড্ড বেশি দূরত্ব তৈরি করছে। সরিয়ে রাখলাম। হাত দিয়েই আঁকতে শুরু করলাম।
ব্যাস, তাতেই খেলাটা বদলে গেল। রং লেগে গেল চামড়ায়, শরীরে…আর ছবি বানানোর কাজে সত্তাটা এমনভাবে জড়িয়ে পড়ল, যা আমি সচরাচর হতে দিই না। মাপজোক, অনুপাত, প্রোপোর্শন… চিন্তাগুলো ছুটি নিল। একটা ছন্দ এসে ধরল স্টিয়ারিং, আর আমি তার পিছু পিছু চললাম, পরের মুভমেন্টটা কী জন্ম দেবে তা না জেনেই। ঘড়ির খেয়াল হারিয়ে ফেলেছি অনেকক্ষণই…
তারপর একসময় টের পেলাম, আমি আর ছবিটা আর আলাদা নই। কে আঁকছে আর কী আঁকা হচ্ছে, সেই সীমারেখাটা কোথায় যেন মুছে গেছে। ছবিতে আমার হাতে যে নীল রংটা দেখছেন, ওটা কালীর গায়েরই রং… কোথায় ওঁর শরীর শেষ হল আর কোথায় আমার হাত শুরু, বলতে পারব না।
প্রফেশনালি প্রায় এক দশকের বেশি সময় ধরে ছবি নিয়েই কারবার আমার। আমি সিদ্ধান্ত নিতে অভ্যস্ত, ভুল শোধরাতে অভ্যস্ত, কোন এলিমেন্ট কেন কোথায় বসবে তার একটা জুতসই যুক্তি খাড়া করতে অভ্যস্ত। এখানে আমাকে বসে থাকতে হল একটা অস্বস্তির সঙ্গে… একটা দাগকে যেমন আছে তেমনই থাকতে দেওয়ার অস্বস্তি। হয়তো সেটাই আমাকে ছবিটার আরও গভীরে টেনে নিয়ে গেল। এমন কিছু বানানোর সম্ভাবনা, যাকে বারবার জাজ করে করে বাধ্য ছেলে বানাতে হয় না।
না, এই ক্যানভাসের মধ্যে দিয়ে কালীকে বুঝে ফেলেছি, এমন দাবি করার মতো ধৃষ্টতা আমার নেই। আমার বোঝার চেয়ে উনি ঢের বড়। কিন্তু কিছুক্ষণের জন্য সেই জিনিসটার খুব কাছে পৌঁছেছিলাম, যেটা ওঁর মধ্যে আমায় চিরকাল টানে… এমন এক অস্তিত্ব, যে নিজের শক্তি নিয়ে এতটুকু লজ্জিত নয়।
এই কাজটা আমার সবচেয়ে আনকনভেনশনাল কাজগুলোর একটা। আর আঁকতে যে কী ভীষণ ভালো লেগেছে, তা বলে বোঝাতে পারব না।
ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্কটাকে কী নাম দেব, এখনও জানি না। তবু কাল, হাতে রং মেখে, ছবিটার পাশে চুপটি করে বসে নাম দেওয়ার কোনও তাড়া অনুভব করিনি। বরং মনে হচ্ছিল, অনেকদিন পর যেন মায়ের কাছে বসে আছি…
ছোটবেলায় ছবি এঁকে, হাতের কাছে কিছু না পেলে মায়ের আঁচলে হাত মুছে দিতাম, মা রাগ করত না, বরং বলত কী এঁকেছিস দেখি… কাল ক্যানভাসের দিকে তাকিয়ে মনে হচ্ছিল, কেউ যেন OTS এ ছবিটা দেখছে। কালী, না মা, জানি না। জানতে চাইও না। শুধু মনে হচ্ছিল সময়টা এখানে থেমে থাক একটু।
হাতে রং নিয়ে বসে ছিলাম অনেকক্ষণ। ছবিটা ছিল, রং ছিল, আমি ছিলাম।
শুধু ছিল না মায়ের আঁচলটা…
শুভ কালীপুজো।

Comments
Post a Comment